সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে শত্রুদের ছোড়া একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটি। শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ওই দাবি করেছেন। তিনি বলেছেন, সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রিয়াদ অঞ্চলের আকাশে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রিয়াদ অঞ্চলে শত্রুপক্ষের ছোড়া ড্রোন শনাক্তের পর ধ্বংস করেছে। আকাশে ড্রোনটি ধ্বংসের পর এর খণ্ডাংশ নিচে পড়লেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তবে এই ড্রোনটি ঠিক কারা উৎক্ষেপণ করেছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মালকি।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সম্প্রতি রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার পর বিমানবন্দরটি টানা দুই সপ্তাহ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ আয়োজনও বাতিল করে রিয়াদ। হুথিদের এসব হামলায় সৌদির অর্থনৈতিক বৈচিত্র্য আনার পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।